
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে দিকে হবিগঞ্জ জেলা সদরের ৫ নম্বর গোপায়া ইউনিয়নের একটি দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেন হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান, বিজিওএম। -দেশবাংলা
স্টাফ রিপোর্টার
শারদীয় দুর্গাপূজা ঘিরে সীমান্তবর্তী এলাকায় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে বিশেষ নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) তাদের দায়িত্বপূর্ণ এলাকায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন করে সীমান্তের ৬৪টি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে হবিগঞ্জ জেলা সদরের ৫ নম্বর গোপায়া ইউনিয়নের একটি দুর্গাপূজামণ্ডপ আকস্মিক পরিদর্শন করেন হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান, বিজিওএম। এ সময় ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে অধিনায়ক পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তাব্যবস্থা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন। এ সময় পূজামণ্ডপ কমিটির সভাপতির সঙ্গে সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলেন এবং বিজিবির পক্ষ থেকে শুভেচ্ছা উপহার প্রদান করেন।
বিজিবি সূত্রে জানা গেছে, শ্রীমঙ্গল সেক্টরের অধীনস্থ হবিগঞ্জ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ ১০৩ কিলোমিটার সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে টহল জোরদার, গোয়েন্দা নজরদারি এবং সম্ভাব্য ঝুঁকি চিহ্নিত করার কার্যক্রম চলছে। পাশাপাশি স্থানীয় প্রশাসন, পুলিশ ও পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্তের ৮ কিলোমিটারের মধ্যে ৬৩টি এবং ইউনিট সদর দপ্তরের ৩ কিলোমিটারের মধ্যে একটি পূজামণ্ডপ রয়েছে। এসব মণ্ডপের নিরাপত্তায় গত ১৬ অক্টোবর থেকে আগামী ২২ অক্টোবর পর্যন্ত বিজিবি সদস্যরা সীমান্ত সুরক্ষার নিয়মিত দায়িত্বের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব পালন করছেন।

এদিকে চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধেও অভিযান অব্যাহত রেখেছে ৫৫ বিজিবি। মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত শূন্য সহনশীলতা নীতি বাস্তবায়নের অংশ হিসেবে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২০ অক্টোবর পর্যন্ত বিভিন্ন অভিযানে ২৫ জন আসামিসহ ৬২ কোটি ৫৪ লাখ ৩ হাজার ১০৭ টাকা মূল্যের বিভিন্ন ধরনের মাদকদ্রব্য, গাঁজা ও অন্যান্য অবৈধ মালামাল আটক করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সীমান্ত সুরক্ষা, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি দুর্গাপূজায় নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে বিজিবির এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
















