স্টাফ রিপোর্টার
মৌলভীবাজারে পূর্ববিরোধের জেরে এক ব্যক্তিকে অপহরণ, মারধর ও ভয়ভীতি প্রদর্শন করে তাঁর বাসায় রিভলবার রেখে অস্ত্র মামলায় ফাঁসানোর চেষ্টার অভিযোগে তুহিন আহমদ (৪৭) নামে একজনকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ।
গত ৫ নভেম্বর দিবাগত রাত আনুমানিক ২:৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে বড়কাঁপন আবাসিক এলাকার একটি ভাড়া বাসায় অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় বাসা থেকে চারটি গুলিসহ একটি রিভলবার উদ্ধার করা হয়। পুলিশের সন্দেহের ভিত্তিতে অস্ত্র উপস্থাপনকারী তুহিন আহমদকে জিজ্ঞাসাবাদ করা হলে তাঁর সঙ্গে থাকা অপর দুই ব্যক্তি পালিয়ে যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, পূর্ববিরোধের জেরে গত ৩ নভেম্বর ভুক্তভোগী শফিকুল ইসলাম লিটনকে অপহরণ করে মারধর ও ভয়ভীতি প্রদর্শন করা হয় এবং পরবর্তীতে তাঁকে অস্ত্র মামলায় ফাঁসানোর উদ্দেশ্যে তাঁর বাসায় রিভলবার রাখা হয় বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় অস্ত্র আইন, ১৮৭৮ এবং দণ্ডবিধি, ১৮৬০-এর সংশ্লিষ্ট ধারায় মৌলভীবাজার সদর মডেল থানায় পৃথক দুটি মামলা (নং ৫(১১)২০২৬ ও ৬(১১)২০২৬) দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

















