
শ্রীমঙ্গলে পূবালী ব্যাংকের সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন। – দেশবাংলা।
স্টাফ রিপোর্টার
শ্রীমঙ্গলে পূবালী ব্যাংক পিএলসি’র সেলফ সার্ভিস সেন্টার (ইলেকট্রনিক বুথ) উদ্বোধন করা হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) বিকেল ৪টায় শহরের হবিগঞ্জ সড়কের শ্রীমঙ্গল ইন কমপ্লেক্সে স্থাপিত নতুন এ বুথের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। নতুন এ সেলফ সার্ভিস সেন্টার থেকে গ্রাহকেরা সব ধরনের ব্যাংকিং সেবা গ্রহণের পাশাপাশি ইউটিলিটি বিল ও শিক্ষা প্রতিষ্ঠানের ফি পরিশোধ করার সুযোগ রয়েছে। এ ছাড়া প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত এখানে যেকোনো ধরনের ব্যাংকিং হিসাব খোলার সুযোগ থাকবে। গ্রাহকদের সেবা দেওয়ার জন্য বুথটিতে সার্বক্ষণিক একজন কর্মকর্তা দায়িত্ব পালন করবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বুথটির উদ্বোধন করেন পূবালী ব্যাংক পিএলসি’র সিলেট প্রিন্সিপাল অফিসের মহাব্যবস্থাপক চৌধুরী মো. শফিউল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকটির মৌলভীবাজার অঞ্চলের উপমহাব্যবস্থাপক ও অঞ্চলপ্রধান প্রদ্যুৎ কান্তি দাস এবং মৌলভীবাজারের সহকারী মহাব্যবস্থাপক আলমগীর হোসেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন শ্রীমঙ্গলের বিশিষ্ট ব্যবসায়ী মো. কদর আলী ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. ইয়াকুব আলী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংকের শ্রীমঙ্গল শাখার ব্যবস্থাপক প্রণয় দেবনাথ। স্বাগত বক্তব্যও দেন তিনি।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যাংকটির পর্যটন নগরী উপশাখার ব্যবস্থাপক জান্নাতুল ফেরদৌস।
ব্যাংক সূত্র জানায়, গ্রাহকদের আধুনিক ও সহজলভ্য ব্যাংকিং সেবা দিতে এ ধরনের প্রযুক্তিনির্ভর উদ্যোগ নেওয়া হচ্ছে। নতুন এ সেলফ সার্ভিস সেন্টারের মাধ্যমে শ্রীমঙ্গলের গ্রাহকেরা আরও সহজে ব্যাংকিং কার্যক্রম সম্পন্ন করতে পারবেন।
















