Desh Bangla 24 News
সোমবার , ১৯ অক্টোবর ২০২৬ |
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. ইসলামী জীবন
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্যপ্রযুক্তি
  8. প্রবাস
  9. ফিচার
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. ভ্রমণ
  13. মৌলভীবাজার
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল

প্রতি তিন ওয়ার্ডে একটি খেলার মাঠ গড়ার পরিকল্পনা সরকারের

প্রতিবেদক
Desh Bangla 24
অক্টোবর ১৯, ২০২৬ ১:৪৯ অপরাহ্ণ

সম্বর্ধনা সভায় বক্তব্য রাখেন বানিজ্য, শিল্প বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির – ছবি পিআইডি

দেশবাংলা ডেস্ক

দেশের সব সিটি করপোরেশন ও পৌরসভায় প্রতি তিনটি ওয়ার্ডের জন্য একটি করে খেলার মাঠ গড়ে তোলার পরিকল্পনা রয়েছে সরকারের। তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করতে এ উদ্যোগের পাশাপাশি সিলেট সদর উপজেলার সাতটি ইউনিয়নেও একটি করে মাঠ প্রতিষ্ঠা করা হবে। বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এসব কথা জানিয়েছেন।

সোমবার সিলেট সার্কিট হাউসে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এ জাতীয় পর্যায়ে সিলেট বিভাগের বিজয়ী প্রতিযোগীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন মন্ত্রী। বিভাগীয় ক্রীড়া সংস্থার আয়োজনে ও সিলেট সিটি করপোরেশনের (সিসিক) সহযোগিতায় এ অনুষ্ঠান হয়।

খেলাধুলার বিকাশে মাঠ ও প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণে গুরুত্ব দেয়ার কথা জানিয়ে মন্ত্রী বলেন, তরুণ প্রজন্মকে ক্রীড়ামুখী করতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়ে কাজ করছে। খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার পাশাপাশি ক্রীড়াবিদদের যথাযথ মর্যাদা নিশ্চিত করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, ফুটবল, ক্রিকেট, কাবাডি, ভলিবল, হকি ও টেনিসসহ বিভিন্ন খেলায় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনকারী খেলোয়াড়রা দেশের গর্ব ও সম্পদ। তাদের অর্জনের স্বীকৃতি দিতে হবে। একই সঙ্গে নতুন প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করার মাধ্যমে দেশের ক্রীড়াঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে।

জাতীয় পর্যায়ে কাবাডি ও ফুটবলে সিলেটের বিজয়ী প্রতিযোগীদের অভিনন্দন জানিয়ে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, তাদের এ অর্জন সিলেটবাসীর জন্য গর্বের। সিলেটে ক্রীড়া অবকাঠামোর উন্নয়ন ও খেলার মাঠের সুবিধা বাড়াতে উদ্যোগ নেয়া হবে। কাবাডি খেলোয়াড়দের অনুশীলনের উপযোগী ব্যবস্থা গড়ে তোলার বিষয়টিও বিবেচনা করা হবে।

ক্রীড়া সংগঠকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, সম্মিলিত প্রচেষ্টায় সিলেটের ক্রীড়াঙ্গনকে আরো এগিয়ে নিতে হবে।

বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমেদ চৌধুরী ও এম এ মালিক, সিসিক প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী এবং সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী।

এছাড়া সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন, পুলিশ সুপার ড. চৌধুরী যাবের সাদেক, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীসহ বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা, ক্রীড়াবিদ এবং ক্রীড়া সংগঠকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সর্বশেষ - শ্রীমঙ্গল

আপনার জন্য নির্বাচিত