
স্টাফ রিপোর্টার
শ্রীমঙ্গলে ‘কেটে পাঁচ টুকরো করে হত্যা’র হুমকিতে থানায় অভিযোগ করেছেন পুরান বাজারের বস্ত্র ব্যবসায়ী মিজানুর রহমান।
গত মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুর ১ টা ৬ মিনিটে অজ্ঞাত এক মোবাইল নাম্বার থেকে ফোন করে এই হুমকির ঘটনা ঘটে বলে জানা গেছে।
ব্যবসায়ী মিজানুর রহমান জানান, “মঙ্গলবার দুপুরে ব্যক্তিগত কাজে মৌলবীবাজার গেলে অজ্ঞাত এক ব্যক্তি ০১৯৯৮৪৬৭২৪৩ নাম্বার থেকে ফোন দিয়ে প্রথমে নাম জিগ্যেস করেন। নাম বলার সাথে সাথে অকথ্য ভাষায় গালাগালি শুরু করে। ৪৬ সেকেন্ডের ফোনের এক পর্যায়ে অজ্ঞাত ব্যক্তি আমাকে কেটে পাঁচ টুকরো করে হত্যার হুমকি দেয়। এসম আমাকে কোন কথা বলার সুযোগ দেয়নি- নিজের হুমকি সুলভ কথা শেষ করে লাইন কেটে দেয়।
এঘটনায় আমি আতঙ্কিত হয়ে পড়ি। পরে অন্য ব্যবসায়ীদের সহায়তায় থানায় একটি অভিযোগ দায়ের করি।’
মিজানুর রহমান এঘটনায় চরম আতঙ্কের মধ্যে থাকার কথা জানান।
যোগাযোগ করা হলে শ্রীমঙ্গল থানা এসআই ফরমান জানান, ‘অভিযুক্তের ফোন বন্ধ রয়েছে। অপরাধী সনাক্ত করতে সিমের এসিআর সংগ্রহের কাজ চলছে। আশা করি দ্রুত অপরাধীকে আটক করা সম্ভব হবে।’
তবে একটি গোয়েন্দা সংস্থার সহায়তা নিয়ে হুমকির কাজে ব্যবহৃত সিম নাম্বারের মালিক, এনআইডি ও এলাকা চিহ্নিত করা হয়েছে। পুলিশী তদন্তে বিঘ্ন হওয়ার আশংকায় তা প্রকাশ থেকে বিরত রাখা হলো।















