স্টাফ রিপোর্টার
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দায়িত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বিজিবি শ্রীমঙ্গল সেক্টর।
আজ ১৭ অক্টোবর ২০২৬ তারিখে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শ্রীমঙ্গল সেক্টরের আওতাধীন ৩০৯.৭ কিলোমিটার সীমান্ত এলাকায় তিনটি ব্যাটালিয়নের মাধ্যমে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। এর মধ্যে সীমান্তের ৮ কিমি’র মধ্যে ২০৬টি এবং ব্যাটালিয়ন সদর থেকে ৩ কিমি’র মধ্যে ৩১টি, মোট ২৩৭টি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।
আজ সেক্টর কমান্ডার কর্নেল বিএম তৌহিদ হাসান হবিগঞ্জের মাধবপুরের মনতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার খিলাতলী জগন্নাথ দেবের আখড়া পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং পূজা কমিটিকে শুভেচ্ছা উপহার দেন।
পূজা শান্তিপূর্ণ করতে ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ৩ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে, ব্যবহৃত হচ্ছে ড্রোন ও শারদীয় সুরক্ষা অ্যাপ। পাশাপাশি চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৭ অক্টোবর পর্যন্ত এ সেক্টরে ৮৭ কোটি ২৩ লাখ ৯৮ হাজার টাকার মাদকদ্রব্য আটক ও ৭৪ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানানো হয়।
















