
মতবিনিময় সভায় বিএনপি নেতা নূর বক্স আহমেদ। – দেশবাংলা
স্টাফ রিপোর্টার
শ্রীমঙ্গল পৌরসভা নির্বাচনে নিজের প্রার্থীতা নিয়ে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ১৩ অক্টোবর (মঙ্গলবার) রাত ১০টায় শ্রীমঙ্গল শহরের মৌলভীবাজার রোডস্থ ব্রিটিশ বাংলাদেশ ট্রাভেলস কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল যুক্তরাজ্য শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক, লন্ডন মহানগর বিএনপি’র আহ্বায়ক কমিটির সাবেক সিনিয়র সদস্য, শ্রীমঙ্গল পৌর যুবদলের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং ব্রিটিশ বাংলাদেশ ট্রাভেলস গ্রুপের ম্যানেজিং ডাইরেক্টর আলহাজ্ব মোহাম্মদ নূর বক্স আহমেদ উপস্থিত সাংবাদিকদের সাথে আসন্ন পৌরসভা নির্বাচন ও শ্রীমঙ্গলের সার্বিক উন্নয়ন নিয়ে খোলামেলা আলোচনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মোহাম্মদ নূর বক্স আহমেদ বলেন, “শ্রীমঙ্গল আমার প্রাণের শহর। প্রবাসে থাকলেও হৃদয়ে সব সময় জন্মভূমির টান অনুভব করি। শ্রীমঙ্গল পৌরসভাকে একটি আধুনিক, বৈষম্যহীন, পরিচ্ছন্ন ও নাগরিকবান্ধব প্রথম শ্রেণির পৌরসভা হিসেবে গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। বিগত দিনে দল ও সাধারণ মানুষের পাশে যেভাবে ছিলাম, আগামীতেও জনগণের সেবা ও শ্রীমঙ্গলের সার্বিক উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চাই।”
তিনি শ্রীমঙ্গলের অবকাঠামোগত উন্নয়ন, যানজট নিরসন, পর্যটন শিল্পের বিকাশ, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ও তরুণ সমাজের কর্মসংস্থান সৃষ্টিতে তাঁর বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন। বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে শ্রীমঙ্গলের সঠিক চিত্র তুলে ধরা এবং এলাকার উন্নয়নে ভূমিকা রাখার জন্য তিনি উপস্থিত সাংবাদিক সমাজের প্রতি উদাত্ত আহ্বান জানান।
মতবিনিময় সভায় শ্রীমঙ্গলে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকা, টেলিভিশন চ্যানেল এবং অনলাইন নিউজ পোর্টালের বিপুল সংখ্যক সাংবাদিক উপস্থিত ছিলেন। মতবিনিময় শেষে উপস্থিত সাংবাদিকদের সাথে নৈশভোজ ও সৌজন্য কুশল বিনিময় অনুষ্ঠিত হয়।















