স্টাফ রিপোর্টার, শ্রীমঙ্গল::
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হাইল হাওরে মাছ ধরার জালে আটকা পড়া একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া সাপটিকে পরে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে হাইল হাওরের উকুল বেড়ির বিল থেকে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের কর্মীরা অজগরটি উদ্ধার করেন।
স্থানীয়রা জানান, জেলে রুমন মিয়া মাছ ধরার জন্য বিলে জাল পেতে রাখেন। ওই জালে পেঁচিয়ে অজগরটি আটকা পড়ে। সাপটি দেখে জেলেরা আতঙ্কিত হয়ে পড়েন। পরে বিষয়টি সাবেক ইউপি সদস্য তাহের আলী শব্দরকে জানানো হয়। তিনি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেন।
খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে যান। সেখানে সাবেক ইউপি সদস্য তাহের আলী শব্দর ও নৌকার মাঝি হায়েদ মিয়ার সহযোগিতায় প্রায় দুই ঘণ্টার চেষ্টায় জাল কেটে অজগরটি উদ্ধার করা হয়।
বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল বলেন, ‘দুই ঘণ্টা চেষ্টা করে জাল কেটে অজগরটিকে উদ্ধার করা হয়। পরে সাপটিকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।’
বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের শ্রীমঙ্গল রেঞ্জ কর্মকর্তা কাজী মো. নাজমুল হক বলেন, ‘উদ্ধার করা অজগর সাপটি পর্যবেক্ষণে রাখা হয়েছে। সুস্থ থাকলে এটিকে বনে ছেড়ে দেওয়া হবে।’















