Desh Bangla 24 News
সোমবার , ২৬ অক্টোবর ২০২৬ |
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. ইসলামী জীবন
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্যপ্রযুক্তি
  8. প্রবাস
  9. ফিচার
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. ভ্রমণ
  13. মৌলভীবাজার
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল

কক্সবাজারে গুঁড়িয়ে দেওয়া হলো ‘ছয় কোটি’ টাকার রিসোর্ট

প্রতিবেদক
Desh Bangla 24
অক্টোবর ২৬, ২০২৬ ৩:০৫ অপরাহ্ণ

১০ পর্যটক মৃত্যুর পর কক্সবাজারে নড়েচড়ে বসেছে প্রশাসন। ছবি: সংগ্রহীত।

মেরিন ড্রাইভে অবৈধ স্থাপনা উচ্ছেদে যৌথ অভিযান শুরু

দেশবাংলা২৪ নিউজ ডেস্ক

কক্সবাজারের মেরিন ড্রাইভ এলাকায় অবৈধ হোটেল-রিসোর্ট উচ্ছেদে অভিযান শুরু করেছে প্রশাসন। অভিযানের প্রথম দিন সোমবার (২৬ অক্টোবর) উখিয়ার ইনানী সৈকত এলাকায় প্রায় ছয় কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি চারতলা রিসোর্ট ভবন গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ভবনটির মালিকের দাবি, রিসোর্টটি নির্মাণে তাঁর প্রায় ছয় কোটি টাকা ব্যয় হয়েছে। উদ্বোধনের আগেই ভবনটি ভেঙে ফেলা হলো।

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) নেতৃত্বে পরিচালিত এ যৌথ অভিযানে জেলা প্রশাসন, পুলিশ, এসআরবি, ফায়ার সার্ভিস, পরিবেশ অধিদপ্তর ও আনসার বাহিনীর সদস্যরা অংশ নেন। কক্সবাজার শহর থেকে প্রায় ২৬ কিলোমিটার দূরে ইনানী সৈকত এলাকায় দুপুরে এ অভিযান চালানো হয়।

কউক কর্মকর্তারা জানান, ভবনটিকে অবৈধ স্থাপনা হিসেবে চিহ্নিত করে নিজ উদ্যোগে ভেঙে ফেলার জন্য মালিকপক্ষকে চারবার নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু কর্তৃপক্ষের দাবি অনুযায়ী, নোটিশ দেওয়ার পরও ভবনটি অপসারণে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। এ কারণে যৌথভাবে উচ্ছেদ অভিযান চালানো হয়।

তবে ভবনটির মালিক শহিদুল হক দাবি করেছেন, ২০১৪ সালে ইউনিয়ন পরিষদের অনুমতি নিয়ে তিনি ভবনটির নির্মাণকাজ শুরু করেন। তাঁর ভাষ্য, চারটি নোটিশেরই জবাব দিয়েছেন এবং ভবন নির্মাণের পক্ষে প্রয়োজনীয় কাগজপত্রও রয়েছে। কিন্তু সেসব কাগজপত্র কর্তৃপক্ষ আমলে নেয়নি বলে অভিযোগ তাঁর।

ভবনটির নিচতলায় কয়েকটি দোকান, দ্বিতীয় তলায় রেস্তোরাঁ এবং তৃতীয় ও চতুর্থ তলায় পর্যটকদের থাকার জন্য কক্ষ তৈরি করা হয়েছিল। অল্প সময়ের মধ্যেই রিসোর্টটি উদ্বোধনের পরিকল্পনা ছিল মালিকপক্ষের।

মেরিন ড্রাইভে অনুমোদনহীন স্থাপনার ছড়াছড়ি

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ জসিম উদ্দিনের তথ্য অনুযায়ী, প্রায় ৮০ কিলোমিটার দীর্ঘ মেরিন ড্রাইভের দুই পাশে আড়াই হাজারের মতো স্থাপনা গড়ে উঠেছে। এর মধ্যে দুই শতাধিক হোটেল, রিসোর্ট ও কটেজ রয়েছে। এসব স্থাপনার অনেকগুলোর প্রয়োজনীয় অনুমোদন নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

কউক চেয়ারম্যান বলেন, সংস্থাটি প্রতিষ্ঠার পর থেকে কক্সবাজার পৌরসভাসহ জেলার বিভিন্ন এলাকায় ভবন নির্মাণের জন্য প্রায় ১ হাজার ৭০০টি নকশা অনুমোদন দেওয়া হয়েছে। কিন্তু মেরিন ড্রাইভের দুই পাশে অবকাঠামো নির্মাণে বিধিনিষেধ থাকা সত্ত্বেও সেখানে বিপুলসংখ্যক স্থাপনা গড়ে উঠেছে। বারবার নোটিশ দেওয়ার পরও অবৈধ স্থাপনা সরিয়ে না নেওয়ায় উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। মেরিন ড্রাইভ এলাকায় অবৈধ স্থাপনা রাখতে দেওয়া হবে না বলেও জানান তিনি।

জেলা প্রশাসক মো. আ. মান্নান জানান, প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) হিসেবে চিহ্নিত সমুদ্রসৈকতের ৫০০ গজের মধ্যে এবং শহর এলাকায় পৌরসভার ৩০০ গজের মধ্যে রিসোর্ট, কটেজসহ বিভিন্ন স্থাপনা নির্মাণে বিধিনিষেধ রয়েছে। এ কারণে মেরিন ড্রাইভ এলাকার শতাধিক রিসোর্ট, কটেজ ও রেস্তোরাঁ কউকের অনুমোদন পায়নি বলে জানান তিনি।

পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন প্রতিষ্ঠানের কাগজপত্র যাচাই করা হচ্ছে। একই সঙ্গে প্রয়োজনীয় অনুমোদন ছাড়া গড়ে ওঠা স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চলছে। যেসব প্রতিষ্ঠানের অনুমোদনপ্রক্রিয়া অসম্পূর্ণ, সেগুলোর কাগজপত্র যাচাই করে প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার বিষয়ে ব্যবসায়ীদের প্রস্তাবও বিবেচনা করা হচ্ছে বলে জানান জেলা প্রশাসক।

অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর পর তৎপরতা

গত ১৭ অক্টোবর মেরিন ড্রাইভের পাটুয়ারটেক সৈকতে টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যু হয়। এ ঘটনার পর মেরিন ড্রাইভ এলাকায় অনুমোদনহীন হোটেল-রিসোর্ট নির্মাণ, অগ্নিনিরাপত্তা এবং পর্যটকদের সুরক্ষা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দেয়। এর পরিপ্রেক্ষিতে অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রশাসনের তৎপরতা বাড়ে।

পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের উপপরিচালক খন্দকার মাহমুদ পাশার তথ্য অনুযায়ী, পরিবেশগত ছাড়পত্র ছাড়া রিসোর্ট ও রেস্তোরাঁ পরিচালনার অভিযোগে সম্প্রতি ২৬টি রিসোর্ট ও ১০টি রেস্তোরাঁকে নোটিশ দেওয়া হয়েছে। নোটিশের জবাব না দেওয়ায় ১৪টি রিসোর্টকে জরিমানা করা হয়েছে এবং দুটি রিসোর্টের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

কক্সবাজার মেরিন ড্রাইভ রিসোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক মুকিম খানও অনুমোদনহীন হোটেল-রিসোর্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পক্ষে মত দিয়েছেন। তাঁর মতে, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং পর্যটনশিল্পের ভাবমূর্তি রক্ষায় নিয়মবহির্ভূত স্থাপনাগুলোকে আইনের আওতায় আনা জরুরি।

সর্বশেষ - শ্রীমঙ্গল

আপনার জন্য নির্বাচিত

শ্রীমঙ্গলে ৪০ লাখ টাকার ভারতীয় সিগারেট জব্দ

ব্রিটেনের অভিবাসন ও আশ্রয়ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসছে

পাঠ্যবইয়ে ইতিহাসসহ বেশ কিছু বিষয়ে পরিবর্তন আসছে

মৌলভীবাজারে সরকারি কর্মকর্তার বাসা চুরি

দুবাই-এ সড়ক দুর্ঘটনায় শ্রীমঙ্গলের এক যুবকের মৃত্যু

দুর্গাপূজার নিরাপত্তায় শ্রীমঙ্গলে বিজিবির ড্রোন – শারদীয় সুরক্ষা এ্যাপ

দুর্গাপূজার নিরাপত্তায় শ্রীমঙ্গলে বিজিবির ড্রোন – শারদীয় সুরক্ষা এ্যাপ

ঢাকায় দূতাবাস নেই ৫৬ দেশের, দিল্লির ভিসা জটে বিপাকে বাংলাদেশিরা

শ্রীমঙ্গলে উদ্ধার সাড়ে তিন কোটি টাকার চোরাই পণ্যর পেছনে কারা?

শ্রীমঙ্গলে সাংবাদিক সমাবেশ এহসানুল হকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও স্বাধীন তদন্ত দাবী

স্টেডিয়ামগুলো আধুনিকায়ন করে পূর্ণাঙ্গ ক্রীড়া অবকাঠামো গড়ে তোলা হবে -ক্রীড়া প্রতিমন্ত্রী