Desh Bangla 24 News
বৃহস্পতিবার , ১৫ অক্টোবর ২০২৬ |
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. ইসলামী জীবন
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্যপ্রযুক্তি
  8. প্রবাস
  9. ফিচার
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. ভ্রমণ
  13. মৌলভীবাজার
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল

শ্রীমঙ্গলে পূজার নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি

প্রতিবেদক
Desh Bangla 24
অক্টোবর ১৫, ২০২৬ ১:২৭ অপরাহ্ণ

 

শ্রীমঙ্গলে পুজা মন্ডপের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করছেন শ্রীমঙ্গল বিজিবি কর্মকর্তারা। – দেশবাংলা

স্টাফ রিপোর্টার

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সীমান্তবর্তী পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে ১২ প্লাটুন বিজিবি সদস্য  মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)। বিজিবি সদস্যরা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন নিশ্চিত করতে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও সমন্বিত নিরাপত্তাব্যবস্থা জোরদার করবেন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শ্রীমঙ্গল সেক্টরের অধীন শ্রীমঙ্গল ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্তের আট কিলোমিটারের মধ্যে ৮৫টি এবং ব্যাটালিয়ন সদরের তিন কিলোমিটারের মধ্যে ২৪টিসহ মোট ১০৯টি পূজামণ্ডপ রয়েছে। এসব পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন বিজিবির কর্মকর্তারা। এ সময় শ্রীমঙ্গল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মতিন হাসানসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে পূজামণ্ডপের নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণের পাশাপাশি পূজা উদযাপন কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় করা হয়।
পরিদর্শনকালে ৪৬ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মতিন হাসানজানান, পূজামণ্ডপের নিরাপত্তায় বিজিবি সদস্যদের সতর্ক অবস্থানে রাখা হয়েছে। নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং সংশ্লিষ্ট প্রশাসন ও পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।
এ ছাড়া এনটিএমসি কর্তৃক প্রস্তুত করা ‘শারদীয় সুরক্ষা’ অ্যাপ্লিকেশন ব্যবহারের জন্য সংশ্লিষ্ট বিজিবি সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। পাশাপাশি অ্যাপ্লিকেশনটিতে রেসপন্ডার হিসেবে দায়িত্ব পালনের ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সীমান্ত দিয়ে চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র-গোলাবারুদ পাচারসহ সীমান্তসংক্রান্ত অপরাধ প্রতিরোধে বিজিবির নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।
বিজিবি আশা প্রকাশ করেছে, সংশ্লিষ্ট প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদযাপন কমিটি, গণমাধ্যমকর্মী ও সর্বস্তরের জনগণের সম্মিলিত সহযোগিতায় শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবে। একই সঙ্গে গুজব ও বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার পাশাপাশি যেকোনো সন্দেহজনক ঘটনা দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানানো হয়েছে।

সর্বশেষ - শ্রীমঙ্গল