
স্টাফ রিপোর্টার
কমলগঞ্জে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে সাংবাদিক সালাউদ্দিন শুভর ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ও মানহানির ঘটনায় উদ্বেগ জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা। তারা এধরনের জঘন্য অপচেষ্টার নিন্দা ও ধিক্কার জানািয়ছেন।
কমলগঞ্জ উপজেলার বিভিন্ন গণমাধ্যম কর্মীরা অভিযোগ করেছেন- একজন পেশাদার ও বস্তুনিষ্ঠ সাংবাদিকের কণ্ঠ স্তব্ধ করতে এবং সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে যারা এমন বিকৃত ও অপরাধমূলক পথ বেছে নিয়েছে, তারা কেবল একজন ব্যক্তির ওপর আঘাত হানেনি; বরং মুক্ত ও স্বাধীন সাংবাদিকতার ওপর আঘাত হেনেছে। প্রযুক্তির আধুনিকতাকে যেখানে ইতিবাচক কাজে ব্যবহার করার কথা, সেখানে এটিকে অন্যের সম্মানহানির হাতিয়ার হিসেবে ব্যবহার করা চরম সাইবার অপরাধ।
প্রযুক্তির অপব্যবহার বন্ধ ও স্বাধীন সাংবাদিকতা সুরক্ষিত থাকারও প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে সাংবাদিক নেতৃবৃন্দ সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সাংবাদিক সালাউদ্দিন শুভর বিকৃত ছবি ও অপপ্রচারমূলক কন্টেন্ট অবিলম্বে অপসারণ করার আহবান জানান।

















