স্টাফ রিপোর্টার
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অভিনব কায়দায় প্রতারণা করে ‘শয়তানের নিঃশ্বাস’ (Chemical Spray) বা নেশাজাতীয় পদার্থ ব্যবহার করে নগদ ৭৬ হাজার টাকা হাতিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সর্বস্বান্ত হয়েছেন ‘সোহাগ টেলিকম’-এর স্বত্বাধিকারী ব্যবসায়ী সোহাগ আহমদ।
সোমবার (২ নভেম্বর ) দুপুরে শ্রীমঙ্গল শহরের কালিঘাট রোডে অবস্থিত ‘সোহাগ টেলিকম’ নামক দোকানে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
ভুক্তভোগী ব্যবসায়ী সোহাগ আহমদ জানান, প্রতারক চক্রের দুই সদস্য অত্যন্ত চতুরতার সঙ্গে প্রথমে নিজেদের বাহরাইন প্রবাসী হিসেবে পরিচয় দেয়। তারা জানায়, বিদেশ থেকে সদ্য দেশে ফেরায় তারা ভালোমতো বাংলাদেশি টাকা চেনে না। এরপর টাকা ভালো করে দেখার অযুহাতে দোকানে বিশেষ কোনো কেমিক্যাল বা নেশাজাতীয় স্প্রে ব্যবহার করে তাকে অবশ বা বিভ্রান্ত করে ফেলে। মুহূর্তের মধ্যেই ক্যাশ বাক্সে থাকা নগদ ৭৬ হাজার টাকা হাতিয়ে নিয়ে চম্পট দেয় ওই চক্রটি।
ঘটনার পর দোকানের সিসিটিভি ক্যামেরা পর্যালোচনা করে দুই সন্দেহভাজন প্রতারককে শনাক্ত করা হয়েছে। ক্যামেরার ফুটেজে তাদের পরিষ্কার ছবি ও ভিডিও ধরা পড়েছে।
এদিকে সিসিটিভি ফুটেজে থাকা এই দুই প্রতারককে কেউ কোথাও দেখে থাকলে কিংবা তাদের কোনো সন্ধান পেলে 01622-778585 মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ী সোহাগ আহমদ।

















